দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি কাতারের উদ্দেশে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন। সোমবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা।

কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে।

তিনি বলেন, এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।

ইসরায়েলের এই হামলাকে কাতার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে।

ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দোহায় পৌঁছেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ হিসেবে নিন্দা জানিয়ে দোহাকে পূর্ণ সংহতির আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights