জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে।

সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কোন দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।

সভায় ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোনো সংগঠনের অপতৎপরতা রোধে সকলকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

-বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights