চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. খাইরুল ইসলাম (২৪)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। এ সময় বিয়ের প্রলোভনে বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার ওই ছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় আসামী। পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights