জবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন
রাকিব মাজহার,জবি প্রতিনিধি :
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলো আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের মিলাদুন্নবী উদ্যাপন কমিটির আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রধান অনুষ্ঠান শুরু হয়। বিকেলে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ড. আ ফ ম খালিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “সীরাতে রাসুল (সা.) এক চিরন্তন আদর্শ। নবীজীর জীবনধারা শুধু সেই সময়ের জন্য নয়, বরং আজকের যুগেও প্রাসঙ্গিক। নারী শিক্ষা, সামাজিক ন্যায়বিচার, বর্ণবৈষম্য নিরসন—সবক্ষেত্রেই তাঁর দিকনির্দেশনা আধুনিকতার আলো ছড়িয়েছে।”
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই আয়োজন কেবল ধর্মীয় নয়, শিক্ষামূলকও। মহানবী (সা.) বলেছেন, ‘জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জরুরি।’ তাই নবীর আদর্শ অনুসরণ করেই আমাদের শিক্ষার্থীদের সততা ও জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, নবীজীর জীবন ও শিক্ষা যুগে যুগে সমগ্র মানবজাতির জন্য আদর্শ। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, “আমাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী মুসলিম। তাই নবীজীর জীবনাদর্শের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো একাডেমিক আলোচনা তাঁদের জন্য হতে পারে না।”
আলোচনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খান নবীজীর সীরাত নিয়ে বিশদ বিশ্লেষণ করেন।
এর আগে কিরাত, নাতে রাসুল (সা.), রচনা ও ইসলামিক ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কিরাত প্রতিযোগিতায় প্রথম হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবুল করিম; নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ভূগোল বিভাগের সুমাইয়া হক বৃষ্টি; রচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং ক্যালিওগ্রাফিতে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের নূর এ জান্নাত মিম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
