আমিরাতে ভিসা বন্ধের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

অনলাইন ভার্সন
‘বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’— এমন তথ্য দিয়ে বাংলাদেশের কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।

বিষয়টি নজরে এলে এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২২ সেপ্টেম্বর) আবুধাবির বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদগুলোতে uaevisaonline.com নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেলের সূত্র উল্লেখ করা হয়েছে।

দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনও কর্তৃপক্ষ প্রদান করেনি।

uaevisaonline.com ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে, এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।

দূতাবাস নিশ্চিত করেছে যে, ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং/বাসার নম্বরের কোনও অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এই ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য/সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights