আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

লা লিগায় রোমাঞ্চকর এক ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের নায়ক ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, তিনি হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন মৌসুমের দ্বিতীয় জয়।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলভারেজ। তবে প্রথমার্ধেই রায়োর পেপ চাভারিয়া গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আলভারো গার্সিয়া রায়োকে এগিয়ে নিলেও হাল ছাড়েননি আলভারেজ। একে একে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক, ফিরিয়ে দেন অ্যাতলেতিকোকে জয়পথে।

ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমেওনে বলেন,“আলভারেজ আমাদের সেরা খেলোয়াড়। ও দারুণ খেলছে। আমাদের দায়িত্ব ওকে আরও ভালো খেলোয়াড় বানাতে সাহায্য করা। ও আমাদের জন্য পার্থক্য গড়ে দিতে পারে।”

মৌসুমে এতদিন মাত্র একটি গোল করা আলভারেজ নিয়ে কিছুদিন আগে তার অসন্তুষ্টি নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে তিনি স্পষ্ট করেন,“আমি আমার পারফরম্যান্সে খুশি ছিলাম না, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বাড়িয়ে বলা হয়।”

এই জয় অ্যাটলেটিকো শিবিরে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। তবে সামনে বড় চ্যালেঞ্জ শনিবার মুখোমুখি হতে যাচ্ছে দুই মাদ্রিদের মহারণ, রিয়াল বনাম অ্যাতলেতিকো। এখন পর্যন্ত সব ম্যাচ জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা।

সিমেওনে বলেন,“রিয়াল এখন দুর্দান্ত সময় কাটাচ্ছে, দল হিসেবে অনেক উন্নতি করেছে। এটা আমাদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights