গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ডুয়েটের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়ামে স্টেকহোল্ডার কনসালটেশন এবং ফোকাস গ্রুপ ডিসকাশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন ও ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ।

দিনব্যাপী এ কর্মশালার প্রথম পর্বে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র (ভারপ্রাপ্ত) প্রকল্প পরিচিতি তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেশন টিম লিডার ও ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পের ওয়ার্কিং টিমের ডেপুটি টিম লিডার সামাউন-আল-নুর। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে ফোকাস গ্রুপ আলোচনা ও প্রেজেন্টেশন প্রস্তুতকরণ হয়। দ্বিতীয় পর্বে প্রতিটি ফোকাস গ্রুপের প্রেজেন্টেশন উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিস (সিআরটিএস), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজিত হয়। ডুয়েটের সিআরটিএস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী আবু মঞ্জুরের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আকরামুল আলম, সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. মইনুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, বিভিন্ন জোনের নির্বাহী কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, ডুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), অফিস প্রধান, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া গাজীপুরের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের নানা শ্রেণীর পেশাজীবিবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights