কড়া নিরাপত্তায় বুড়িগঙ্গায় চলছে প্রতিমা বিসর্জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের পর্ব। বিজয় দশমীতে সিঁধুর খেলা এবং দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে রাজধানী সদরঘাট বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নানঘাটে ধানমন্ডি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। একই সাথে ওয়াইজঘাট, তেলঘাট সহ বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলমান রয়েছে।

এদিন, বিকেল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আসতে থাকে ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটসহ আশপাশের ঘাটে। ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষাদ-আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছেন বক্তরা।

এদিকে, প্রতিমা বিসর্জনকে ঘিরে তৎপর রয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর, নৌ-পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, সোয়াট দলের সদস্য ও সাদা পোশাকে সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্যদিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পূণ্যার্থীরা। ঢাকার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ হাজারো মানুষের শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরে জড়ো হন দেবী বক্তরা।

এবার রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে।

ঘাটগুলো হলো- বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনাস্মৃতি স্নান ঘাট, ওয়াইজঘাট ও নবাববাড়ি ঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights