রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হলো এস-৪০০। ভারত আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে রাশিয়া থেকে। সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিল্লি মস্কোর সঙ্গে যৌথভাবে এস-৪০০ তৈরি করা বা সরাসরি ক্রয়ের দু’টি বিকল্পই বিবেচনা করছে।
ভারতীয় কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এই চুক্তি স্বাক্ষর হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশটি বেসরকারি খাতকেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার সুবিধা গড়ে তোলায় যুক্ত করতে চায় বলে প্রতিবেদনে জানানো হয়। ভারত ইতিমধ্যে ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে ৫.৪৩ বিলিয়ন ডলারে কেনা পাঁচটি এস-৪০০ সিস্টেমের মধ্যে তিনটি পেয়েছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহের কথা রয়েছে।
এস-৪০০ সিস্টেমগুলো গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের উত্তেজনাকালে ভারতের বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা এবং বিশেষ করে রুশ নির্মিত এই সিস্টেমের প্রশংসা করেছেন। তিনি বলেন, এস-৪০০-এর মতো প্ল্যাটফর্মগুলো দেশকে অভূতপূর্ব শক্তি দিয়েছে। একটি শক্তিশালী নিরাপত্তা ঢাল এখন ভারতের পরিচয় হয়ে উঠেছে। এস-৪০০ ছাড়াও, নয়াদিল্লি রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি মিসাইল কেনার পরিকল্পনা করছে, যা তাদের সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের সক্ষমতা আরো বাড়াবে।
বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের প্রায় ৬০ শতাংশই রুশ নির্মিত। তবে মোদির মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। গত দুই দশকে ভারতে একাধিক যৌথ প্রকল্পে অংশ নিয়েছে রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস
