ফুলবাড়ীতে কলেজে জমি দান করেও দাতা নন, এলাকায় ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৪.১০.২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলেজ প্রতিষ্ঠায় জমি দান করেও দাতা সদস্য হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে মরহুম আব্দুর রহমান জমি দান করেন, যার ভিত্তিতেই কলেজটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে তাঁর কনিষ্ঠ পুত্র মোঃ এহসানুল হক ২০০৭ সালে কলেজের নামে আরও ১৪ শতক জমি দান করেন। দানের সময় জমিটির আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৫০ হাজার টাকার বেশি। অভিযোগকারী দাবি করেন, তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ ও কলেজের গভর্নিং বডি সংবিধি অনুযায়ী, এমন দানকারীদের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে গভর্নিং বডির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলে কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানায়, তিনি কলেজের দাতা সদস্য নন এবং পূর্বেও তালিকাভুক্ত ছিলেন না। পরবর্তীতে তিনি অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির নিকট একাধিকবার লিখিত আবেদন করলেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন। তাঁর দাবি, কলেজ কর্তৃপক্ষ গোপনে গভর্নিং বডি গঠন করেছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি) সংবিধি ১৯৯৪-এর পরিপন্থি।

এ বিষয়ে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জানান, “আমি ওই সময় অধ্যক্ষ ছিলাম না। তবে পরবর্তীতে জানতে পারি, দানকৃত জমির বিপরীতে সংশ্লিষ্ট ব্যক্তি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে চাকরি নিয়েছিলেন।” তিনি আরও বলেন, “বর্তমান নীতিমালা অনুযায়ী, কেউ যদি নগদ তিন লাখ টাকা বা সমপরিমাণ সম্পদ দান করেন, তাহলে তাঁকে আজীবন দাতা সদস্য করা যায়। যেহেতু তাঁর দানকৃত জমির মূল্য ৫০ হাজার টাকার মতো, তাই তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বিধিবহির্ভূত।”

এ প্রসঙ্গে মোঃ এহসানুল হক বলেন, “আমার পিতা মরহুম আব্দুর রহমান কলেজ প্রতিষ্ঠার সময় জমি দান করেছিলেন। তাঁর সেই ধারাবাহিকতায় আমিও ২০০৭ সালে কলেজের নামে ১৪ শতক জমি দান করি। এটি ছিল শিক্ষা বিস্তারে আমার পারিবারিক ঐতিহ্যের অংশ। কিন্তু দুঃখজনকভাবে এখন জানতে পারছি আমি দাতা সদস্য হিসেবে তালিকাভুক্ত নই, যা আমার কাছে অপ্রত্যাশিত ও হতাশাজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights