হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল-জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় গড়ে উঠেছে কয়েকটি বালু লুটের চক্র। তাদের বিরুদ্ধে কথা বললেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়। এমনই একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্লাহর ছেলে ফারুক মিয়াকে ৫০ হাজার জরিমানা, একই উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, দেউন্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী হায়দারকে ৫০ হাজার টাকা জরিমানা, আইয়ুব আলীর ছেলে জসিম মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, সিরাজ মিয়া তালুকদারের ছেলে খয়ের মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, মাঝিশাইল গ্রামের আব্দুল গনির ছেলে আবু সায়েমকে ১ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের ছেলে রউফ খানকে ১ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দণ্ডাদেশ দেওয়ার পরপরই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights