বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে বিয়ের দাবিতে নুরনবী হোসেন নামে এক ছেলের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন এক নারী। সোমবার দুপুর থেকে অনশনে বসেন ওই নারী।

জানা গেছে, উপজেলার বড়পুকুরিয়া গ্রামের ওই নারীর সঙ্গে পাশের বাঁশখুর গ্রামের নুরনবীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এর আগে ভুক্তভোগী ওই নারী নুরনবীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সেই মামলায় নুরনবী কিছুদিন কারাবাসও করেছেন। জামিনে এসে নুরনবী পুনরায় ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন। এদিকে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানাজানি হলে ওই নারীকে তালাক দেন তার স্বামী।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, নুরনবী আমাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এখন সে আমাকে রেখে পালিয়ে বেড়াচ্ছেন। নুরনবীর কারণে আমার সংসারও ভেঙেছে। আমি বাধ্য হয়ে নুরনবীর বাড়িতে এসে অনশন করছি। সে যদি এখন আমাকে বিয়ে না করে, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ওই নারী প্রেমিক নুরনবীর বাড়িতে এসে অবস্থান করছেন। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশও সেখানে আসে। এদিকে বিষয়টি সমাধানের জন্য ছেলের পরিবারের সঙ্গে বসা হলে ছেলের পরিবার ওই নারীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে এখন কালক্ষেপণ করছেন। ওই নারী বর্তমানে ছেলের বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ওই নারী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights