নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
মো: মহিউদ্দীন
নড়াইলে বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৪৬) নিহত হয়েছেন। নিহতের ভাইয়ের অভিযোগ মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় স্থানীয় খাঁ বংশের লোকজন তাকে হত্যা করেছে। নিহত মাসুদ শুক্তগ্রামের ছবর শেখ ও হাসিয়া বেগমের ছেলে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি এ ইউনিয়নের শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ নিউজ লেখা পর্যন্ত নিহতের মরদেহ এখনো এলাকায় আসেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, নিহত সবুজের ভাতিজা বাদল স্থানীয় সুজনের কাছ থেকে একটি মোবাইল ক্রয়কে কেন্দ্র করে বিকেলে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা মাসুদ শোনার পর স্থানীয় মেম্বরের সাথে কথা বলে রাত ৮ টার দিকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে কে বা কারা তাকে আঘাত করে। আমরা আশা করছি খুব দ্রুত দোষিদের চিহিৃত করে শাস্তির আওতায় নিয়ে আসবো।
