দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস
অনলাইন ডেস্ক
দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার ইসরায়েলের কাছে এই মরদেহ হস্তান্তর করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে এবং সেগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি সেনারা পিছু হটেছে, হামলা বন্ধ করেছে এবং ত্রাণ প্রবেশ বাড়িয়েছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধে নিহত ৩৬০ জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
বৃহস্পতিবার পর্যন্ত হামাস ১৫টি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে অতি ধীরগতি দেখাচ্ছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে।
সূত্র: রয়টার্স
