বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন ভারতের মেয়েরা

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়ার এক মুহূর্তের অপেক্ষায় ভারতের নারী ক্রিকেট দল। রবিবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নামছে হারমানপ্রীতরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভাব্য শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের এক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, নারী ও পুরুষ দলের সমান পারিশ্রমিক নীতির ধারাবাহিকতায় এবারও নারী দলের জন্য পুরুষদের সমান পুরস্কার বিবেচনা করছে বিসিসিআই। এই নীতি প্রথম চালু করেছিলেন বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

গত বছর আমেরিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী ভারতীয় পুরুষ দল ও সহকারী স্টাফদের মোট ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই। সেই উদাহরণকে অনুসরণ করে এবারও নারী দলকে সমান মর্যাদা দেওয়ার পরিকল্পনা চলছে।

এক বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বিসিসিআই পুরুষ ও নারী দলের জন্য সমান পারিশ্রমিক নীতিতে বিশ্বাস করে। তাই আলোচনা চলছে, যদি মেয়েরা এবার কাপ জেতে, পুরস্কারও যেন পুরুষ দলের চেয়ে কোনো অংশে কম না হয়। তবে ট্রফি জয়ের আগেই কোনো ঘোষণা দেওয়া শোভন নয়।’

উল্লেখ্য, ২০১৭ সালে লর্ডসে ফাইনালে ইংল্যান্ডের কাছে মাত্র ৯ রানের ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েছিল ভারতীয় নারী দল। তখন প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে পুরস্কৃত করেছিল বোর্ড। আট বছর পর যদি এবার ট্রফি জেতে হারমানপ্রীতরা, তাহলে প্রত্যেকের পুরস্কারের পরিমাণ আগের তুলনায় প্রায় ১০ গুণ বেশি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights