ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

মাদক চোরাচালান রোধের কথা বলে তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মাদক চোরাচালান রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি, অভিযোগ তুলে দেশটির উপকূলে সেনা মোতায়েনও করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেছেন, দেশে মাদকের ‘বন্যা’ বন্ধ করতে মার্কিন শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন, আমি মনে করি আমরা কেবল তাদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছে।

মাদুরো বারবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি পড়েছে তার দেশ। সেই সঙ্গে ওয়াশিংটন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলেন মাদুরো।

তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন এমন পরিকল্পনা নেই তার। যা তার গত সপ্তাহের নিজের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে।

ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক জানতে চান, ‘আপনি কি ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন? প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না’।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এ প্রতিবেদনের বিষয়ে রুবিও এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আপনার তথাকথিত ‘সূত্র’ আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে।’

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তা মারিয়া জাখারোভা বলেছেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির গতিশীলতা বিবেচনায় ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর নেতৃত্বকে আমরা সমর্থন করি। ভেনিজুয়েলার প্রতি যেকোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights