গাইবান্ধায় মহাসড়কের পাশে অচেতন ৫ জন উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় স্থানীয়রা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাছদহ এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান (২২) এবং সিরাজগঞ্জ পৌরসভার কলোনি এলাকার কুদ্দুসের ছেলে হৃদয় (৩২)। বাকি ৩ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, তারা ঢাকায় কাজ শেষে জমানো টাকা নিয়ে গাবতলী থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের ভেতরে লুডু খেলায় সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোকাকোলা পান করে অচেতন হয়ে পড়েন। এরপর সর্বস্ব লুটে নেয় চক্রটি। ভোর রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে তাদেরকে ফেলে ট্রাকটি চলে যায়। পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। বাকি ৩ জন হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তাদের এখনো জ্ঞান ফেরেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights