কম্বোডিয়ার সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করলো থাইল্যান্ড
অনলাইন ডেস্ক
সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে দুই সেনা আহত হওয়ার পর প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় সই হওয়া শান্তি চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে থাইল্যান্ড। সোমবার (১০ নভেম্বর) বিস্ফোরণের পর থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, যুদ্ধবিরতির অধীনে সম্পাদিত সকল পদক্ষেপ স্থগিত থাকবে। আনুতিন জোর দিয়ে বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি বৈরিতা আমরা যেমন ভেবেছিলাম, তেমনই আছে…কমেনি।
আল জাজিরা জানিয়েছে, এ বিষয়ে কম্বোডিয়ান সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত জুলাই মাসে দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে আঞ্চলিক বিরোধের কারণে পাঁচ দিন ধরে সীমান্ত সংঘর্ষ চলে। এরপর গত মাসে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি সই করে। কয়েকদিনের যুদ্ধে কমপক্ষে ৪৩ জন নিহত হয় এবং সীমান্তে বসবাসকারী ৩ লাখেরও বেশি বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়।
থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সিসাকেট প্রদেশে মাইন বিস্ফোরণে দুই সৈন্য আহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নারকফানিত বলেছেন, সেনাবাহিনী এখনো ঘটনার তদন্ত করছে যে, মাইনটি নতুনভাবে স্থাপন করা হয়েছিল কি না। এর আগেও কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন মাইন স্থাপনের অভিযোগ করেছে থাইল্যান্ড। কম্বোডিয়ার সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। চুক্তির আগে ও পরে একই রকম স্থলমাইন বিস্ফোরণ ঘটেছে এবং উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
