চাঁদপুরে জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামির যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে পার্টনার রেহান উদ্দিন মিজি (৫৫)কে হত্যার দায়ে মো. খোরশেদ আলম (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

হত্যার শিকার রেহান উদ্দিন মিজি শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলায় পরিবারসহ ভাড়া থাকতেন এবং ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদ আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী পাড়া জোর ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, খোরশেদ আলমের সঙ্গে রেহান উদ্দিনের পরিচয় হয় জুয়া খেলার মাধ্যমে। পরপর কয়েক দফা খেলায় হেরে ক্ষুব্ধ খোরশেদ ২০২১ সালের ২৩ জুন দুপুরে রেহানের বাসায় গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।ঘটনার সময় রেহানের স্ত্রী পারভীন বেগম নিজ এলাকায় ছিলেন। দুপুরে স্বামীর সঙ্গে যোগাযোগ না পেয়ে তিনি পাশের ভাড়াটিয়া মরিয়ম বেগমকে খবর দেন। মরিয়ম গিয়ে দেখেন, বাসার দরজা খোলা এবং রেহান বিছানায় উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার দুদিন পর, ২৫ জুন রেহানের স্ত্রী পারভীন বেগম চাঁদপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় খোরশেদকে গ্রেপ্তার করে এবং ১ জুলাই আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, তৎকালীন পুলিশ পরিদর্শক এনামুল হক চৌধুরী, ওই বছরের ১০ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, মামলার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথি এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights