সৎ মানুষদের রাজনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান খনিজ সম্পদ উপদেষ্টার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাজনীতিতে সৎ মানুষ প্রয়োজন। এজন্য সৎ মানুষদের রাজনীতিতে ক্যারিয়ার গড়তে হবে। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ঘুরে নিজে কিছু করার উদ্যোগ নিতে পরামর্শ দেন।

উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে ডিগ্রির চাহিদা কমেছে, দক্ষতার চাহিদা বেড়েছে। কী ডিগ্রি আছে তার চেয়ে কী পারি সেটা গুরুত্বপূর্ণ। তিনি লবিং করে কিংবা সুবিধা নিয়ে সম্পদশালী হওয়ার পরিবর্তে উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে সম্পদশালী হতে তরুণদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঢাকার সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘জব ফেয়ার’ শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দেয়। এখানে নিজের পছন্দের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশে দারিদ্রতার হার ও বৈষম্য কমাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে সরকারকে মনোযোগ দিতে হবে। তার মতে, ত্রিশ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে প্রশিক্ষণ ও স্বল্প সুদে কিংবা ইসলামি মুদারাবা পদ্ধতিতে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান বলেন, ইন্ড্রাস্টি ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপন করতে এই ‘জব ফেয়ার’-এর আয়োজন। এখানে শুধু শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে আবেদন করছে না, বরং প্রতিষ্ঠানও তাদের পছন্দমতো কর্মীকে খুঁজে নিতে পারছে।

‘জব ফেয়ার’-এ ব্যাংক, এনজিও, টেলিকম, ইলেকট্রনিক্স, সফটওয়্যার কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস, এইচআর পেশাদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ ৭০টি জাতীয় ও বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights