ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রবিবার (১৬ নভেম্বর) নবান্ন উৎসব উদযাপন করেছে। সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
এরপর প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মাঠে ধান কর্তন কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য করতে একটি র্যালি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মো. ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ও মহাপরিচালকের সহধর্মিণী ফারজিয়া আহমেদ সিম্মি। সভায় ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
সভাশেষে সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ঐতিহ্যবাহী পিঠা ও পায়েস বিতরণ করা হয়।
