গুম-খুনের বিরুদ্ধে আজকের রায় দৃষ্টান্ত হয়ে থাকবে : খেলাফত মজলিস
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার প্রধান সহযোগী সম্পর্কে ঘোষিত রায়ের পর খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, রাষ্ট্রকে ব্যবহার করে গুম-খুনের বিরুদ্ধে আজকের এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রবিবার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার ভূলুণ্ঠিত করেছিল। হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে দীর্ঘ সময় ধরে সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শেখ হাসিনা ও তার এক সহযোগীর অপরাধের প্রমাণ পেয়েছেন এবং আজ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। রাষ্ট্রকে ব্যবহার করে জনগণকে গুম-খুনের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ন্যয়বিচারের মাধ্যমে পর্যায়ক্রমে সব অপরাধীর দণ্ড কার্যকর করা হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।
