নবান্নের শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেল স্বামীর
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে নবান্নের নতুন শাড়ি কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে স্ত্রী রেহেনা বেগমের পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী রেহেনা বেগমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঁচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর থেকে শাড়ি চেয়েছিলেন। শাড়ি কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় স্ত্রী রেহেনা তার বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করেন। এতে হাফিজুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।
