সারমারা পাবলিক মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও উন্নয়ন সম্ভাবনার রোমাঞ্চকর দিন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা পাবলিক মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মাঠে মুখোমুখি হয় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও বগারচর ইউনিয়ন পরিষদ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠ মাতালেও গোলের সুযোগ কাজে লাগাতে সক্ষম হয় উপজেলা প্রশাসন দল। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাকের আহমেদ ২টি গোল ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ১টি গোল করেন । নির্ধারিত সময় শেষে উপজেলা প্রশাসন ৩–০ গোলে বগারচর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলা শুরুর আগে সারমারা মাঠের সার্বিক অবস্থা পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। মাঠের সঠিক মাপ নেওয়ার জন্য সার্ভেয়ার এনে মাঠের মাপজোক করা হয়। পরিদর্শনকালে তিনি মাঠের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং মাঠের সীমানা নির্ধারণ, দখলমুক্ত অবস্থা নিশ্চিত করা ও মাঠকে দীর্ঘমেয়াদে সংরক্ষণে প্রশাসনের উদ্যোগের কথা জানান।

ইউএনও জহুরুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতে সারমারা পাবলিক মাঠকে পূর্ণাঙ্গ খেলার মাঠ হিসেবে ব্যবহার উপযোগী করতে হবে । তিনি খেলাধুলার প্রসার ও তরুণদের সঠিক বিকাশে মানসম্মত মাঠের বিকল্প নেই উল্লেখ করে মাঠ উন্নয়নে প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

খেলায় অংশ নেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাকের আহমেদ খন্দকার, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ইউনিয়ন পরিষদের সদস্য গণ । পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সারমারা পাবলিক মাঠকে আরও উন্নত, মানসম্মত ও খেলোয়াড় বান্ধব করে তোলার অঙ্গীকারের মাধ্যমে দিনের এ আয়োজন শুধু একটি ফুটবল ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি; এটি সারমারা মাঠের ভবিষ্যৎ উন্নয়নযাত্রারও নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights