মেয়ের বাড়ির বিরোধ মিটাতে গিয়ে প্রাণ গেল হাসান মিয়ার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে গিয়ে হাসান মিয়া ওরফে হাসু (৬৫) মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের পিটুনিতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত হাসান মিয়া মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের মোকছেদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় দশ বছর আগে হাসান মিয়ার মেয়ে রুবিনার (২৫) সাথে সরিষাদাইড় গ্রামের মফেজ উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী জুয়েলের বিয়ে হয়। কয়েকদিন পূর্বে বাড়ির সীমানা নিয়ে দেবর সজল, ননদ নিলুফা, শ্বাশুড়ি লাইলি বেগম ও দেবরের বউ ঝুমার সাথে ঝগড়া হয় রুবিনার। এক পর্যায়ে গত সোমবার শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার রুবিনা বাবার বাড়ি চলে আসেন। বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার সকালে হাসান মিয়া, মেয়ে রুবিনা, ছেলে রাকিব ও মেয়ে জামাই মান্নানকে নিয়ে রুবিনার শ্বশুর বাড়ি যান। সেখানে সীমানা বিরোধ নিয়ে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবিনার দেবর সজলসহ শ্বশুর বাড়ির লোকজন হাসান মিয়াকে এলোপাথারি কিলঘুষি মারে। এতে হাসান মিয়া অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান মিয়ার ছেলে রাকিব জানান, আমরা বোনের বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করতেই বোনের দেবর সজলসহ বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করে। তারা আমার বাবাকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায় বাবা মাটিতে লুটিয়ে পড়েন। কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights