তরুণদের স্বাস্থ্য সচেতনতায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যাপক উদ্যোগ

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, পৌর ও কোনাবাড়ী মেট্রো থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত “ঐক্যবদ্ধ গাজীপুর–১ (United Gazipur–1 Marathon)” শীর্ষক ম্যারাথন দৌড় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় মৌচাক আমবাগান থেকে কোনাবাড়ী কলেজ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার পথজুড়ে অনুষ্ঠিত এ ম্যারাথনে শত শত তরুণ-যুবকের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল—তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করা, ধূমপান ও মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। সংগঠনের নেতাদের মতে, সুস্থ জাতি গঠনে ক্রীড়া কার্যক্রম ও ইতিবাচক সামাজিক প্রচারণার কোন বিকল্প নেই। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মূল্যবান সময় নষ্টকারী ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য।

ম্যারাথনে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি দৌড়ের উদ্বোধনকালে বলেন, “তরুণরা জাতির ভবিষ্যৎ। তাদের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে পারলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যক্রম কমে যাবে। আমরা চাই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত গাজীপুর।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, পৌর ও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরো পথজুড়ে বিভিন্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা এবং অংশগ্রহণকারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার বিশেষ আয়োজন ছিল। এলাকাবাসীও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানানো হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights