গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন গোবিন্দগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০)।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তাকে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ৪টা ২০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হলে ৪টা ৩৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সম্প্রতি তারিক রিফাতের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাকে আবার গ্রেপ্তার করা হয়। অসুস্থতার কারণে পরদিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার বিকালে তাকে থানায় আনা হয়। আজ দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে।

এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। এরআগে তাকে গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights