রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রনি (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া (৪০)।

তারা সকলেই শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা। বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর দক্ষিণ নওদাপাড়া সিটিহাটে কাছে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ৬০-৭০ জন ব্যক্তি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পুরাতন টায়ার জব্দ করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহমখদুম থানায় মামলা হয়।

তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights