অনুমোদন পেল বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকা

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান তাপমাত্রা ও মশাবাহিত রোগের বিস্তার বাড়ার কারণে দেশটি এই অর্জনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে।

বুধবার ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা সাও পাওলোভিত্তিক বুটানতান ইনস্টিটিউটের উদ্ভাবিত বুটানতান–ডিভি টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য ব্যবহার অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বর্তমানে যা একমাত্র ডেঙ্গু টিকা বাজারে পাওয়া যায় তা হলো টিএকে-০০৩। এটি তিন মাস ব্যবধানে দুটি ডোজ নেওয়ার প্রয়োজন হয়।

ব্রাজিলে আট বছর ধরে পরিচালিত পরীক্ষার পর এই নতুন সিঙ্গেল ডোজ টিকা দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করবে।

সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বুটানতান ইনস্টিটিউটের পরিচালক এস্পের কালাস বলেন, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি দশকের পর দশক আমাদের ভোগাচ্ছে, তার মোকাবেলার জন্য আমাদের হাতে এখন একটি শক্তিশালী অস্ত্র এসেছে।

১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচালিত ক্লিনিক্যাল পরীক্ষায় এই টিকাটি মারাত্মক ডেঙ্গুর বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৬ লাখের বেশি এবং প্রায় ১২ হাজার মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় অর্ধেক মৃত্যু ঘটেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০২৪ সালের এক গবেষণায় অনুমান করেছেন, ওই বছরের ডেঙ্গুর ১৯ শতাংশ সংক্রমণের জন্য বৈশ্বিক উষ্ণতা দায়ী।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেক্সান্দ্রে পাদিল্যা জানান, ব্রাজিল চীনা প্রতিষ্ঠান উ-সি বায়োলজিকসের সঙ্গে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তিতে পৌঁছেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights