১৮ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলাম: ডিআইজি দুলাল
নোয়াখালী প্রতিনিধি
সদ্য পদোন্নতি পাওয়া বাংলাদেশ পুলিশের ডিআইজি আবদুল মাবুদ দুলাল বলেছেন, ১৮ বছর ধরে তিনি একই পদে থেকে পদোন্নতি বঞ্চিত ছিলাম। আমার ব্যাচমেটরা যখন ডিআইজির মতো উচ্চ পদে দায়িত্ব পালন করছিলেন, তখন আমি সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ ৯ বছর অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলাম।
শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।
ডিআইজি দুলাল বলেন, ‘সম্মানের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা তা কেড়ে নেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি অতিরিক্ত ডিআইজি হয়েছি, এরপর ডিআইজি পদেও পদোন্নতি পেয়েছি। এটি শুধু আমার সম্মান নয়, নোয়াখালীবাসীর, বিশেষ করে সেনবাগের সম্মান।’
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি এস এম মিজানুর রহমান, ওসি (তদন্ত) হজরত আলী মিলন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতারা।
