ইতালির ক্রিকেটার নিয়ে বিপিএলে চমক রংপুর রাইডার্সের

অনলাইন ডেস্ক

বিপিএলের নিলামে দলগুলো বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে খুব আগ্রহ প্রকাশ করেনি। অল্প কয়েকজন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন, যারা মোটামুটি পরিচিত ক্রিকেটারই বলা চলে। তবে এরই মধ্যে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। তারা ইতালির এমিলিওকে ১০ হাজার ডলারে দলে নিয়েছে।

রংপুরের এই সাইনিংয়ের পর সবার মনে একটাই প্রশ্ন, কে এই ইতালিয়ান ক্রিকেটার? এত বিদেশি থাকতে রংপুর কেন তাকেই দলে ভেড়াল।

এমিলিওর ক্যারিয়ার ইতালির জার্সিতে যতটা না সমৃদ্ধ, তার চেয়েও বেশি সমৃদ্ধ ইংল্যান্ডের ক্রিকেটে। ইতালির জার্সিতে তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে টি-টোয়েন্টি অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেছেন।

এমিলিওর জন্ম ইংল্যান্ডে, মায়ের পরিবার ইতালির, বাবার পরিবার গ্রেনাডার। মায়ের পরিচয়ের কারণে তিনি ইতালির হয়ে খেলতে পারছেন। তার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা।

কাউন্টি ক্রিকেটে ৬৭ ম্যাচে এমিলিওর ব্যাট থেকে এসেছে ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি আছে ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৬১ রান। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব ডারহামের হয়ে খেলছেন। পূর্বে এক সাক্ষাৎকারে এমিলিও নিজেও জানিয়েছেন, ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেন। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে না পারার হতাশাও আছে তার।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক যদি ইংল্যান্ড ছাড়া অন্য কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে অনূর্ধ্ব-১৭ বা তার ওপরে খেলেন, তাহলে তিনি আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। তবে সহযোগী সদস্য দেশের হয়ে খেললে কোনো বাধা নেই। এমিলিও ইতালির হয়ে খেলায় নিয়মের মারপ্যাঁচে পড়বেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights