কমিটি নিয়ে বিরোধ, সাংবাদিকদের উপর চড়াও এনসিপি নেতাকর্মীরা
রাজশাহী জেলা এনসিপির কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় একাংশের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপির আহ্বায়ক কমিটি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আহ্বায়কের দায়িত্ব পাওয়া ডা. সাইফুল ইসলাম। তখন ওই কনফারেন্স কক্ষে কয়েকজন যুবক ঢুকে নিজেদের এনসিপির নেতাকর্মী পরিচয় দিয়ে সাংবাদিকদের চলে যেতে বলেন, না গেলে সাংবাদিকদের কক্ষে তালা দিয়ে আটকে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদ জানালে তারা সাংবাদিকদের উপর চড়াও হয়। পরে এনসিপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ফটোসাংবাদিক আসাদুজ্জামান জানান, তারা সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পেয়ে সেখানে যান। সংবাদ সম্মেলনে নতুন কমিটির আহ্বায়ক সাংগঠনিক বক্তব্য রাখছিলেন। হঠাৎ করে ওই কক্ষে দুই যুবক ঢুকে সাংবাদিকদের চলে যেতে বলে এবং বাজে কথা বলে। সাংবাদিকরা তাদেরও বক্তব্য শুনবে বলেও তারা উত্তপ্ত কথা বলতে থাকে। পরে সাংবাদিকদের উপর চড়াও হয় এবং তাদের অন্য সহযোগীদের ডাকতে থাকে।
জেলা কমিটির আহ্বায়ক ডা. সাইফুল ইসলাম জানান, দুই যুবকের মধ্যে একজনের নাম শোয়েব। তিনি মহানগর কমিটির সদস্য। মহানগরের একজন নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
