শিক্ষকরা আন্দোলনে, স্কুলগেটের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় আন্দোলনরত সহকারী শিক্ষকদের স্কুলের গেটে দেওয়া তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করেন তিনি।

এ সময় শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের দফতরি ও অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিতে হচ্ছে।

অভিভাবকরা বলেন, সারা বছর শিক্ষার্থীরা লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন!

তবে সকল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের নিশ্চিত করেন।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতিতে যান। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights