‘রাশিয়া-চীন যৌথ ক্ষেপণাস্ত্র মহড়া, তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়’
অনলাইন ডেস্ক
রাশিয়ার ভূখণ্ডে চলতি ডিসেম্বরের শুরুতে চীন ও রাশিয়া যৌথভাবে ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া পরিচালনা করেছিল। তবে এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে চীন। একই সঙ্গে এটি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়াও নয় বলেও নিশ্চিত করেছে দেশটি।
শনিবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তৃতীয় দফায় দেশ দুটির এই মহড়ায় ছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া। যা বিমান বা ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু হিসেবে ধরার জন্য প্রশিক্ষণ পরিচালনা করে।
এই যৌথ অ্যান্টি-মিসাইল মহড়া পরিচালনা করার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে কিছু পশ্চিমা দেশ এই ধরনের মহড়াকে বরাবরই নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে।
এর আগে গত মাসে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আগস্টে তারা জাপান সাগরে আর্টিলারি ও অ্যান্টি-সাবমেরিন মহড়াও পরিচালনা করেছে।
২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরুর আগেই রাশিয়া ও চীন ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছিল। যার মাধ্যমে দুই দেশ তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় যাচাইয়ে নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করার প্রতিশ্রুতি দেয়।
সূত্র: রয়টার্স
