টেকনাফে তিন মানব পাচারকারী আটক, ৭ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের গহিন পাহাড়ে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্র ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজন ব্যক্তিকে টেকনাফ উপজেলার বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে, আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেকটি গোপন আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে আটক রাখা হতো এবং নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও করছিল পাচারকারীরা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান- উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights