বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহিদ ওরফে মিরপুর (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৭ ঘণ্টা পর শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সাত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে—এর মধ্যে একজন এসআই, তিনজন এটিএসআই এবং তিনজন কনস্টেবল।
গ্রেপ্তার শাহিদ মিরপুর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলম ওরফে নুরবাদের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে সদর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিদকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠায়। সেদিন সন্ধ্যা ৬টার দিকে আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থান থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সে হাতকড়া খুলে পালিয়ে যান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, পালানোর পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান অনুসন্ধান শুরু করা হয়। শুক্রবার সকালে অভিযান চালিয়ে সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, ১৫১ ধারায় গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানোর সময় হাতকড়া খুলে তিনি পালিয়ে যান। পরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পালানোর ঘটনায় সাত পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
