‘দেশের বিজয় অর্জন সহজ করেছে নদ-নদী’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়ের মাস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’ এ আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা বলেন, মুক্তিযুদ্ধের সময় নদ-নদীগুলো ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। নদী না থাকলে মুক্তিযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো। প্রকৃতির এই অবদান আমাদের বিজয় অর্জনকে সহজ করেছে। দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় রক্ষার কোনো বিকল্প নেই।
সোহেল রানা ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ফসিউর রহমান, অধ্যাপক হুমায়ূন কবির খান, আছরারুন নবী মোবারকসহ অন্যরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, হারাধন বিশ্বাস, প্রদীপ কুমার পাল ও মতিউর রহমান। এছাড়া মুক্তিযোদ্ধা, গবেষক, ইতিহাসবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পী ফাহিমা সুলতানা, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নুসরাত জাহান বুশরা ও সোনালী সকালের আইরিন মৃধা।
