কুমিল্লায় দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘটে উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে সহকারী শিক্ষক হাসান জুনায়েদ ও মহিউদ্দিনের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়- একজন শিক্ষক আরেকজনকে চেয়ারে চেপে ধরে ধস্তাধস্তি করছেন। এসময় এক নারী শিক্ষকের কণ্ঠ শোনা যায়। তিনি বলছেন, “আল্লাহ রহম করো। আপনার এসব কি কাজ করছেন? শিক্ষক শিক্ষক মারামারি করা লাগে? গণ্ডগোল করা লাগে? আপনারা কী শুরু করে দিলেন?”

এসময় আরেক নারী শিক্ষককে বলতে শোনা যায়, “ছাড়েন, ছাড়েন।” এক পর্যায়ে দুই শিক্ষক একে অপরকে ছেড়ে দিয়ে নিজ নিজ চেয়ারে বসে পড়েন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মন্তব্য করেছেন, “এগুলো কী শিক্ষক? তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখবে?” আবার কেউ লিখেছেন, “এরা শিক্ষক নামের কলঙ্ক, তাদের বহিষ্কার করা উচিত।”

এ বিষয়ে আজ রবিবার ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে।

তিনি আরও বলেন, এটি ৮ ডিসেম্বরের ঘটনা। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করেছেন এবং তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights