মেসি এলেন, আর ভারত পড়ল আন্তর্জাতিক লজ্জায়

অনলাইন ডেস্ক
দুই যুগ পর লিওনেল মেসি ভারতে পা রাখলেও সফরের শুরুতেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। জিওএটি ট্যুরে কলকাতায় এসে আয়োজক কমিটির চরম অব্যবস্থাপনার কারণে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে দেখা দেয় হট্টগোল ও বিশৃঙ্খলা।

মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ সমর্থকেরা ভাঙচুর চালান। ঘটনার পর আয়োজক কমিটির প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং পুরো ঘটনায় ক্ষমা চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই বিশৃঙ্খলার ঘটনা শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস, ব্রিটেনের গার্ডিয়ান, বিবিসি ছাড়াও স্পেন ও ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে কলকাতার এই লজ্জাজনক চিত্র।

নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি ও বিশৃঙ্খলার পর লিওনেল মেসির ভারত সফরের আয়োজক আটক। প্রতিবেদনে যুবভারতীর ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়, এক ঘণ্টার বেশি সময় মাঠে থাকার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মাত্র কিছু সময়ের মধ্যেই মেসিকে মাঠ ছাড়তে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমা চাওয়া এবং তদন্ত কমিটি গঠনের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করে, লিওনেল মেসির ভারত সফর শুরু হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তা ও রাজনীতিবিদদের ঘিরে রাখার কারণে মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর নিরাপত্তার স্বার্থে মেসিকে বের করে নেওয়া হয়। এরপর দর্শকেরা উত্তেজিত হয়ে চেয়ার ও বোতল ছোড়েন। বিবিসি আরও জানায়, কেউ কেউ ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখতে পাননি।

দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে অব্যবস্থাপনাকেই মূল কারণ হিসেবে তুলে ধরে জানায়, দর্শকেরা আয়োজকদের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন। আয়োজক গ্রেপ্তার এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টিও তারা উল্লেখ করে।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম করে চূড়ান্ত বিশৃঙ্খলা। তারা লেখে, হাজার হাজার টাকা খরচ করে আসা সমর্থকেরা মেসিকে প্রায় দেখতেই পাননি। ফ্রান্সের লেকিপ এই ঘটনাকে বর্ণনা করেছে বিরক্তিকর অভিজ্ঞতা হিসেবে, যেখানে দর্শকদের হতাশা চরমে পৌঁছায়।

মেসিকে ঘিরে এই বিশৃঙ্খলা কলকাতা ও ভারতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights