সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত নিহত বাংলাদেশি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার ঢাকার মার্কিন দূতাবাসের বার্তায় এ সমবেদনা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছে। এছাড়া, আহত আটজনের দ্রুত সুস্থতা কামনা করছে।

জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলা চালায় দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। এতে সেখানে দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন শান্তিরক্ষী আহত হন।

হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের না ও পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শহীদ শান্তিরক্ষীরা হলেন, কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি), সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জি. (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ); সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights