গুরুদাসপুরে প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর না দেওয়া ও টাকা ফেরত না দিয়ে প্রতারণার মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নজরুল ইসলাম। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি উপজেলার গোপিনাথপুরের মৃত আমির আলী মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের অধীনে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন সেড ঘর দেওয়ার কথা বলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ উদ্দিন একই উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
কিন্তু দীর্ঘদিনেও সেই ঘর না দেওয়ায় জয়নব বেগম তাদের কাছ থেকে তার টাকা ফেরত চান। সে সময় নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ ওই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে জয়নব বেগম বাদী হয়ে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

পরে আদালত থেকে জামিনে মুক্তি পায় নজরুল ইসলাম। জামিনে বের হওয়ার পর দীর্ঘদিন তিনি আদালতে হাজির হননি। রবিবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights