ফিফার বর্ষসেরা একাদশে পিএসজির আধিপত্য

স্পোর্টস ডেস্ক
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ঐতিহাসিক ট্রেবল জয়ের প্রভাব স্পষ্টভাবে পড়েছে ফিফার বর্ষসেরা একাদশে। ঘোষিত একাদশের ১১ জনের মধ্যে ছয়জনই ফরাসি ক্লাবটির খেলোয়াড়।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২৪-২৫ মৌসুমের সেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই একাদশ নির্বাচন করা হয়েছে।

বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত উসমান দেম্বেলেকে অনুমিতভাবেই সেরা একাদশে রাখা হয়েছে। পিএসজির হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মৌসুমে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ১৬ গোলে সরাসরি সহায়তা করেন এই ফরাসি ফরোয়ার্ড।

পিএসজি থেকে একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়রা হলেন- ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া এবং গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। উল্লেখ্য, মৌসুম শেষে ইতালিয়ান এই গোলরক্ষক ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।

বার্সেলোনা থেকে সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন দুই তারকা মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

এ ছাড়া একাদশের বাকি দুই খেলোয়াড় হলেন লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এবং চেলসির মিডফিল্ডার কোল পামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights