লঙ্কানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগার যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখল টাইগার যুবারা। সেমিফাইনালে অন্য গ্রুপের রানার্স আপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল।

দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান আসে জাওয়াদের ব্যাট থেকে। জবাবে ৪৯ ওভার এক বলে ১৮১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

২২৬ রানের লক্ষ্য তাড়ায় ধীমান্ত মাহাভিথানা ও বিরান চামুদিথার উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলে শ্রীলঙ্কা। বিরান ১২ রান করে ফিরলে সেই জুটি ভাঙে।

এরপর দ্রুত আরও ৩ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দলীয় ফিফটির আগে ৪ উইকেট হারায় লঙ্কান যুবারা। মিডল অর্ডারে চামিকা হেনাথিগালা ও আদাম হিল্মি লড়াই করার চেষ্টা করেছেন। তবে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি দুজনেই।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট ঝুলিতে তোলেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। এছাড়া, দুটি উইকেট পান সামিউন বশির রাতুল।

এর আগে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪৯ রান করে জাওয়াদ ফিরলে ভাঙে সেই জুটি। ৮৪ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পেলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়োনি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights