নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের চুক্তি সই

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র কার্যক্রম চালিয়ে যেতে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই জয়েন্ট ভেঞ্চার চুক্তির ফলে এখন নিষেধাজ্ঞা এড়িয়ে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যেতে পারবে তারা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও অ্যাক্সিওস তাদের হাতে আসা অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ চিউ চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে কর্মীদের অবহিত করেছেন। টিকটকে বিনিয়োগকারীদের মধ্যে থাকছে ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স। এর মধ্যে ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

চিউ জানান, এই জয়েন্ট ভেঞ্চারের এক-তৃতীয়াংশের মালিকানা থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের হাতে, আর প্রায় ২০ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের কাছেই। বর্তমান মার্কিন আইনে কোনো চীনা কোম্পানির জন্য এটাই সর্বোচ্চ অনুমোদিত শেয়ার।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বলা হয়েছিল। নতুবা প্রতিষ্ঠানটিকে নিজেদের সবচেয়ে বড় বাজারে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বরাবরই সতর্ক করে এসেছেন যে, টিকটক ব্যবহার করে চীন সরকার মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করতে পারে বা এর অ্যালগরিদমের মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে।

ট্রাম্প একাধিক নির্বাহী আদেশের মাধ্যমে টিকটক নিষিদ্ধের প্রস্তাবকে আটকে দিয়েছিলেন। সবশেষ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী খোঁজার জন্য টিকটককে জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই বিনিয়োগকারী খুঁজে নিয়ে নিষেধাজ্ঞা এড়াল তারা। এখন চীন সরকারের অনুমোদন পেলেই চুক্তিটি কার্যকর হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights