হোয়াইট হাউসের লাইভ নিউজে হঠাৎ বিনিয়োগ বিষয়ক ভিডিও!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সরকারি ওয়েবসাইটে হঠাৎ এক ইউটিউবারের লাইভ ভিডিও দেখা যাওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। কীভাবে ওই ভিডিও সেখানে প্রকাশ পেল, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। হোয়াইট হাউসের ওয়েবসাইটের লাইভ নিউজ বিভাগে বিনিয়োগ বিষয়ক একটি ইউটিউব লাইভ ভিডিও দেখা যায়। ভিডিওটি প্রায় এক ঘণ্টা ধরে কখনো দেখা যাচ্ছিল, আবার কখনো হঠাৎ উধাও হয়ে যাচ্ছিল। পরে সেটি পুরোপুরি সরিয়ে ফেলা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং খতিয়ে দেখছেন। তবে এটি সাইবার হামলা (হ্যাক) নাকি ভুলবশত প্রকাশ—তা এখনো নিশ্চিত করা যায়নি।

ভিডিওটি ছিল @RealMattMoney নামের একটি ইউটিউব চ্যানেলের। ওই চ্যানেলের মালিক ৩৪ বছর বয়সী ম্যাট ফারলি। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ইউটিউবে তিনি নিজেকে সাধারণ বিনিয়োগকারীদের সহায়তাকারী হিসেবে পরিচয় দেন।

বিষয়টি জানার পর ম্যাট ফারলি বলেন, `ভিডিওটি যে আমার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কীভাবে হোয়াইট হাউসের ওয়েবসাইটে গেল, আমি নিজেও জানি না।‘ তিনি জানান, অন্যদের কাছ থেকে বার্তা পাওয়ার পরই বিষয়টি তার নজরে আসে। মজা করে তিনি আরও বলেন, আগে জানলে হয়তো একটু ভালোভাবে পোশাক পরতেন।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, এর আগেও ২০১৪ সালে হোয়াইট হাউসের কিছু কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনা ঘটেছিল বলে মার্কিন গণমাধ্যমে জানা যায়।

এ ঘটনায় এখনো কোনো চূড়ান্ত ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি রহস্যই থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights