ক্রীড়াঙ্গনের নতুন বিপ্লব মেডিটেশন
শরিফুল ইসলাম
ক্রীড়া বলতে আমরা সাধারণত দৈহিক কসরত, প্রতিযোগিতা ও শারীরিক দক্ষতাকেই বুঝে থাকি। কিন্তু আধুনিক ক্রীড়াবিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই ধারণায় আমূল পরিবর্তন এসেছে। আজকের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরা শুধু শারীরিক প্রশিক্ষণেই সীমিত থাকছে না বরং মনের প্রশিক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটেই বর্তমানে ক্রীড়াজগতে মেডিটেশন বা ধ্যান একটি অপরিহার্য অনুশীলনে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত ক্রীড়ানৈপুণ্য ও সামগ্রিক সাফল্যে নতুন মাত্রা সংযোজন করছে।
মেডিটেশন এরই মধ্যে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়নে একটি বৈজ্ঞানিক ও কার্যকর মানসিক প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। মেডিটেশন কেবল মানসিক প্রশান্তি দেয় না বরং ক্রীড়াবিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ মোকাবিলার সক্ষমতাও বাড়ায়। এছাড়াও ক্রীড়াবিদরা নিয়মিত উচ্চমাত্রার প্রতিযোগিতামূলক চাপ, প্রত্যাশার চাপ, পরাজয়ের ভয় এবং শারীরিক ক্লান্তির মধ্য দিয়ে যায়। এসব কারণে তাদের মধ্যে মানসিক উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়ে থাকে।
মেডিটেশন এসব সমস্যার কার্যকর সমাধান প্রদান করে। ফলে ক্রীড়াক্ষেত্রে মেডিটেশনের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মেডিটেশনের সঙ্গে ক্রীড়ার সম্পর্ক নতুন কোনো ধারণা নয়। প্রাচীন গ্রিসে ক্রীড়াবিদরা মানসিক সংযম, আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতা বৃদ্ধির জন্য দার্শনিক ও মানসিক অনুশীলন করতো।
অপরদিকে, প্রাচ্যের মার্শাল আর্টে ধ্যানের গভীর ও সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক সংযোগ খুঁজে পাওয়া যায়। তবে বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিকভাবে ক্রীড়ায় মেডিটেশনের ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর শেষভাগে, বিশেষ করে ১৯৭০-এর দশক থেকে গভীরভাবে এটি লক্ষ্য করা যায়। ক্রীড়ায় সাধারণত বেশ কয়েক ধরনের মেডিটেশন অনুশীলন করা হয় : যেমন-মাইন্ডফুলনেস মেডিটেশন, ফোকাসড অ্যাটেনশন মেডিটেশন, ভিজুয়ালাইজেশন বা ইমেজারি, বডি স্ক্যান মেডিটেশন।
নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, নিয়মিত মেডিটেশন মস্তিষ্কেও গ্রে ম্যাটার বৃদ্ধি করে, বিশেষত হিপোক্যাম্পাস (স্মৃতি ও শিক্ষার কেন্দ্র) এবং প্রিফ্রন্টাল কর্টেক্সে। জার্নাল অফ ক্লিনিক্যাল স্পোর্টস সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মাইন্ডফুলনেস ভিত্তিক মেডিটেশনের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীড়াবিদরা তাদের পারফরমেন্সে উন্নতি ঘটিয়েছে উল্লেখযোগ্য হারে। ক্রীড়াবিদদের উপর পরিচালিত বহু গবেষণায় মেডিটেশনের অন্যান্য ইতিবাচক প্রভাবের প্রমাণ মিলেছে যেমন-ক্রীড়ায় দ্রুত প্রতিক্রিয়া জানানো, আঘাতের সহনশীলতা বৃদ্ধি, মানসিক ক্লান্তি হ্রাস, ঘুমের গুণগত মান উন্নয়ন ইত্যাদি। এছাড়াও মেডিটেশন মস্তিষ্কের গঠন ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনে। এটি প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে, যা সিদ্ধান্ত গ্রহণ ও আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী। মেডিটেশন অ্যামিগডালার ক্রিয়াকলাপ হ্রাস করে, যা ভয় ও মানসিক চাপের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। গভীর ধ্যানে শরীর বিশ্রামের গভীরতম অবস্থায় পৌঁছায়, যা হৃদস্পন্দন, রক্তচাপ ও বিপাক হার কমিয়ে শারীরিক পুনরুদ্ধার ত্বরান্বিত করে। সাথে সাথে মাইন্ড-বডি সংযোগ শক্তিশালী করার মাধ্যমে নিউরোমাসকুলার সমন্বয় উন্নত করে; যা ক্রীড়াবিদদের দক্ষতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি করে।
বিশ্বের বহু বিখ্যাত ক্রীড়াবিদ যেমন-ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নোভাক জোকোভিচ, লেব্রন জেমস, ভিরাট কোহলি, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস, টাইগার উডসসহ বহু অ্যাথলেট মেডিটেশনকে তাদের প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছেন। আধুনিক ক্রীড়া মনোবিজ্ঞানে মেডিটেশন এখন একটি স্বীকৃত মানসিক প্রশিক্ষণ পদ্ধতি। বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদদের অনেকেই এখন মেডিটেশনকে তাদের সাফল্যের গোপন অস্ত্র হিসেবে স্বীকার করছেন।
ক্রীড়ায় সাফল্য অনেকাংশেই নির্ভর করে নির্ভুল মনোযোগের ওপর। ক্রীড়ার সর্বক্ষেত্রে মেডিটেশন মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মেডিটেশন কর্টেক্সের পুরুত্ব বাড়ায়; যা মনোযোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিযোগিতামূলক মানসিক চাপ ও উদ্বেগ ক্রীড়াবিদদের সাধারণ একটি সমস্যা। মেডিটেশন কর্টিসল (স্ট্রেস হরমোন) মাত্রা কমিয়ে এন্ডোরফিন নিঃসরণ বাড়ায়, ফলে উদ্বেগ কমে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। ফলে খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে ক্রীড়া সম্পাদন করতে পারে।
২০১৬ সালের রিও অলিম্পিকে সিমোন বাইলসসহ অনেক শীর্ষস্থানীয় জিমন্যাস্ট তাদের দৈনন্দিন রুটিনে মেডিটেশন অন্তর্ভুক্ত করেছিলেন। নিয়মিত মেডিটেশন ক্রীড়াবিদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মবিশ্বাসী ক্রীড়াবিদ সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় থাকে এবং চাপের মুহূর্তেও নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারে। ভিজুয়ালাইজেশন মেডিটেশনের মাধ্যমে ক্রীড়াবিদরা নিজেকে সফলভাবে ক্রীড়া সম্পাদন করতে দেখেন; যা আত্মবিশ্বাস বাড়ায়। সার্ফিং, রক ক্লাইম্বিং-এর মতো ক্রীড়ায় যেখানে বিপদ সহজাত, সেখানে মেডিটেশন ভয় নিয়ন্ত্রণ ও স্থিরতা নিশ্চিত করে। খেলার সময় রাগ, হতাশা বা অতিরিক্ত উত্তেজনা পারফরমেন্সে ব্যাঘাত সৃষ্টি করে। মেডিটেশন আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ক্রীড়াবিদরা শান্ত ও সংযত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া ক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ দিক। মেডিটেশন মনকে পরিষ্কার ও সচেতন রাখে ও যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উন্নয়ন ঘটায়। যার ফলে ক্রীড়াবিদ খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।
আঘাতপ্রাপ্ত ক্রীড়াবিদদের পুনর্বাসনে মেডিটেশন কার্যকর ভূমিকা রাখে। মেডিটেশন ক্রীড়াবিদের ইনজুরি ব্যবস্থাপনা এবং নিরাময় প্রক্রিয়ায় ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। বিশেষ করে আঘাতপ্রাপ্ত ক্রীড়াবিদদের মধ্যে খুব বেশি পরিমাণ হতাশা ও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। মেডিটেশন অ্যাথলেটদের হতাশা ও আত্মবিশ্বাস বাড়িয়ে মানসিক পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্রীড়াবিদকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করে। মেডিটেশন শারীরিক ক্লান্তি কমাতে ও পেশীর শক্তি পুনরুদ্ধারেও সহায়ক ভূমিকা রাখে। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ঘুমের গুণগত মান উন্নত করে, যা ক্রীড়াবিদের পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেডিটেশন মানসিক ভারসাম্য বজায় রেখে ক্রীড়াবিদকে দীর্ঘ সময় ধরে উচ্চ মানের পারফরমেন্স বজায় রাখতে সহায়তা করে।
বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে মেডিটেশনের ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে। তবে ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ক্রীড়ায় মনস্তাত্ত্বিক প্রস্তুতির গুরুত্ব ক্রমেই স্বীকৃতি পাচ্ছে। ইতোমধ্যে জাতীয় ক্রিকেটদলসহ বেশ কিছু জাতীয় দল মনোবিজ্ঞানী ও মেডিটেশন বিশেষজ্ঞদের সহায়তা নিতে শুরু করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিটেশনের প্রসারে ক্রীড়াপ্রতিষ্ঠানগুলোতে মেডিটেশনের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, মেডিটেশনকে ক্রীড়া প্রশিক্ষণে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করতে হবে, সরকারিভাবে দেশের সকল জাতীয় দলে কোচের পাশাপাশি মেডিটেশন এক্সপার্ট নিয়োগ দিতে হবে।
ক্রীড়াক্ষেত্রে মেডিটেশন এখন বিজ্ঞানের একটি প্রমাণিত ও অপরিহার্য অংশে পরিণত হয়েছে। এটি শারীরিক ও মানসিক সীমার মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং ক্রীড়াবিদদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে। যেখানে শারীরিক দক্ষতার সীমা প্রায় স্পর্শ করেছে, সেখানে মানসিক প্রশিক্ষণই পারে নতুন রেকর্ড ও সাফল্যের দুয়ার খুলে দিতে। ক্রীড়ার ভবিষ্যৎ তাই কেবল পেশীর শক্তিতে নয়, মনের শক্তির উপরও সমানভাবে নির্ভরশীল। মেডিটেশন এই যাত্রায় একটি শক্তিশালী মিত্র, যা ক্রীড়াবিদদের শেখায় কীভাবে বিজয়ী হতে হয়। জাতিসংঘ ঘোষিত ২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবসের শুভেচ্ছা সবাইকে।
লেখক : প্রভাষক, স্পোর্টস সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
