তীব্র যানজটে নাকাল বগুড়া শহরবাসী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের ঠনঠনিয়ায় অবস্থিত বাসস্ট্যান্ডের কারণে তীব্র যানজটে নাকাল শহরবাসী। সড়কের উপর পার্কিং আর ইউটার্নের কারণে ভয়াবহ যানজট যেন কিছুতেই কমছে না।

এছাড়া বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাড়ি পার্কিংয়ের কারণে দিনরাত যানজট লেগেই থাকে শহরে। ফলে দুর্ঘটনাসহ প্রতিনিয়ত চলাচলে বাড়ছে দুর্ভোগ।

এদিকে, অবৈধ ইজিবাইক, মোটা চাকার অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের দৌরাত্বে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। ১০ মিনিটের রাস্তা পোঁছাতে সময় লেগে যাচ্ছে আধাঘণ্টা। এতে করে সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা কাজে শহরে আসা হাজার হাজার মানুষের।

জানা যায়, ব্যস্ততম বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বাসস্ট্র্যান্ড থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শত শত যাত্রীবাহী ঢাকাগামী কোচ পরিবহন সেখানে যাত্রা বিরতি । একই সাথে সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য চলে যায়। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচগুলো এই বাসস্ট্যান্ডে অবস্থান করে। বাসস্ট্যান্ড এলাকায় জায়গা কম হওয়ায় দিনে এবং রাতে চলাচলের মেইন সড়কে গাড়িগুলো রাখা হয়। এতে সড়কের অর্ধেক জায়গা তাদের দখলে চলে যায়। পাশাপাশি এই সড়ক দিয়ে শহরে দিন-রাতে হাজারো ছোট-বড় যানবাহন চলাচল করে। স্কুল-কলেজের বাস থেকে শুরু করে করতোয়া গেটলট এই সড়ক দিয়েই সবচেয়ে বেশি যাতায়াত করে থাকে। দিন-রাতের বেশির ভাগ সময় কোচগুলো বাসস্ট্যান্ডে প্রবেশ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঠনঠনিয়া, মোহাম্মাদ আলী হাসপাতালের সামনে কোচগুলো ইউটার্ন করলে তখনও যানজট সৃষ্টি হয়। এর ফলে শহরে চলাচলরত অটোরিক্সা-ইজিবাইক সহ অন্যান্য যানবাহন উল্টোপথে চলে আসে। তখন দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। এমনকি ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।

এছাড়া ঠনঠনিয়ায় সড়কের পাশে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাড়ি পার্কিং করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরে আসা মানুষদের। সিটি করপোরেশন ঘোষণার প্রক্রিয়া শুরু হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে এসব যানবাহনের চালকরা। জেলায় দাপিয়ে বেড়ানো অবৈধ অটোরিক্সা ও ইজিবাইকের দৌরাত্ব কমছে না এই শহরে। শহরের চলাচলরত এসব ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইকের চালকরা ট্রাফিক আইন মানছে না। ইচ্ছামত যত্রতত্র রিক্সা স্ট্যান্ড বসিয়ে যানজট সৃষ্টি করছে। অবৈধ অটোরিকশার জটে অতিষ্ঠ সাধারণ মানুষ। এদের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ যানজটে পড়তে হয়।

বগুড়ার ইসলামী চিন্তাবিদ ও লেখক মো. মোস্তাকিম হোসেন জানান, উত্তরের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বগুড়ায় হাজার হাজার মানুষ আসেন নানা কাজে। ব্যস্ততম এই শহরের গুরুত্বপূর্ণ সড়ক হলো শেরপুর-বগুড়া। শহরের ঠনঠনিয়া এলাকায় বাস্ট্যান্ড হওয়ায় প্রতিনিয়ত এখানে যানজট লেগে থাকে। বিশেষ করে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ওষুধ কোম্পানীর গাড়ি পার্কিং করায় যানজট তীব্র আকার ধারণ করছে। তাই যতদ্রুত সম্ভব বাসস্ট্র্যান্ড বড় করে গাড়ি পার্কিংয়ের সু-ব্যবস্থা করলে যানজট নিরসন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights