অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার ঘটনায় শিক্ষা উপদেষ্টার উদ্বেগ

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা।

এতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের হৃদয়বিদারক ঘটনায় যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনাকে অপব্যবহার করে কিছু সংখ্যক উগ্র ও অবিবেচক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা চালিয়েছে, সেখানে অগ্নিসংযোগ করেছে এবং প্রতিষ্ঠানটির বহু সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। ছায়ানটের পরিচালনায় ওই ভবনে নালন্দা নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, এই হামলায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষা উপদেষ্টা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগেরও নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহলের এ ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কলুষিত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights