গোপালগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে যুবকের দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধে গোসল করেছেন রিয়াদ শরীফ (৩০) নামের এক যুবক। উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াদ শরীফ ওই গ্রামের হাসান শরীফের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুধে গোসলের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ২০১৮ সালে রিয়াদ শরীফ প্রেমের সম্পর্কের মাধ্যমে মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন। দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে মৌ খাতুন বাড়ি থেকে চলে যান। পরে রিয়াদ শরীফ ও তার পরিবার জানতে পারেন, তিনি অন্য কোথাও চলে গেছেন।

এক পর্যায়ে গত শনিবার (২০ ডিসেম্বর) উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে রিয়াদ শরীফ ও মৌ খাতুনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

রিয়াদ শরীফ বলেন, বিয়ের পর কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল। পরে আমার স্ত্রীর চলাফেরা বেপরোয়া হয়ে ওঠে এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করত। তার এমন কার্যকলাপ আমি মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নিই এবং পরে দুধে গোসল করি।

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতে আপোষ তালাকের মাধ্যমেই বিচ্ছেদ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights