চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় এক সাংবাদিকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- চাটখিল উপজেলার লক্ষণপুর গ্রামের আবুল কালামের ছেলে প্রবাসী মনির হোসেন পাটোয়ারী (৪৪) এবং সাংবাদিক ফরিদ (৩৫)। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার পাল্লা বাজার বড় মসজিদের পাশে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার পর স্থানীয় জনতা আহত মনির ও ফরিদকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা আওয়ামী লীগ নেতা আবু তাহের (৬০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার নাহিদ হাসান বাবুকে (৩২) আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মনির হোসেন পাটোয়ারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মনির হোসেন পাটোয়ারী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে পাল্লা বাজার বড় মসজিদের পাশে পৌঁছালে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনার সময় পূর্ব শত্রুতার জের ধরে নাহিদ হাসান বাবু (৩২), নিরব (২৫), আবু তাহের (৬০), তাজুল ইসলাম (৫৫), সেন্টুসহ (৩০) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মনির ও সাংবাদিক ফরিদ গুরুতর আহত হন।

হামলার পর উত্তেজিত জনতা দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights